যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ

আশুগঞ্জে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় নাশকতার আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত দলীয় কার্যালয়সহ পুরো শহর ও আশে পাশের এলাকায় এ ধারা বলবৎ থাকবে। আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয়, ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেট ও গোল-চত্তর এলাকা এ বিধি-নিষেদের আওতাধীন থাকবে।
উপজেলা প্রশাসন ও যুবলীগ সূত্রে জানা গেছে, যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে আশুগঞ্জ থানা যুবলীগ। মঙ্গলবার বিকাল তিনটায় দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন আহ্বান করে যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার। একই দিন একই সময়ে বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মো. মোশারফ হোসেন মুন্সি যুবলীগের কর্মী সভা আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হলে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন মাইকিং করে ১৪৪ ধারা জারি করে। এখন আওয়ামী লীগ কার্যালয় ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। র‌্যাবের টহলও জোরদার করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে জানান, শহরের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ জানান, আইন-শৃঙ্খলা অবনতির আশংকার ১৪৪ ধারা জারি করা হয়েছে।