ঢাকা-টঙ্গী রুটে ডেমু ট্রেন চালু

 
ঢাকা-টঙ্গী-ঢাকা রেলপথে ডেমু ট্রেন চালু করেছে বাংলাদেশে রেলওয়ে। মঙ্গলবার রেলপথমন্ত্রী মুজিবুল হক টঙ্গী রেলওয়ে স্টেশনে এই ডেমু ট্রেন উদ্বোধন করেন। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
টঙ্গী কমিউটার নামের ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছাড়বে সকাল পাঁচটা ২৫ মিনিটে এবং টঙ্গী পৌঁছাবে সকাল ছয়টা ১০ মিনিটে। টঙ্গী স্টেশন ছাড়বে সকাল সাতটা ৪০ মিনিটে এবং কমলাপুর স্টেশন পৌঁছাবে সকাল আটটা ৩৫ মিনিটে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। শুক্রবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। এই ট্রেনটির ধারণক্ষমতা হবে ৬০০ যাত্রী।
উদ্বোধকালে রেলপথমন্ত্রী বলেন, রেলওয়ের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা তৈরি করে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের আমূল পরিবর্তন ঘটবে। সারাদেশ রেলওয়ে নেটওয়ার্কের আওতায় চলে আসবে।
ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমু ট্রেনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অফিসগামী ও বিভিন্ন পেশাজীবী মানুষ এর মাধ্যমে সুবিধা পাবে। অফিসে নির্ধারিত সময়ে পৌঁছানো ও অফিস শেষে নিজ গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে এই ট্রেনটি কার্যকর ভূমিকা রাখবে।