৫৬ জেলেসহ দুইটি মাছ ধরার ট্রলার ভারতে আটক

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি দুইটি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড বাহিনী। এসব জেলেরা বর্তমানে ট্রলারসহ ভারতের কলকাতার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক ও জেলেদের আত্মীয়-স্বজন। 
ট্রলার মালিক সূত্রে জানা যায়, কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নের মোঃ এহছানের মালিকানাধীন এফবি আনোয়ারা ও বড়ঘোপ ইউনিয়নের নুর মোহাম্মদের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক নামক মাছ ধরার ট্রলার দু’টি গত ৬ ডিসেম্বর রাতে গভীর বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকায় মাছ ধরছিল। এসময় ৫৬ জেলেসহ ট্রলার দুইটিকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড বাহিনী।
এফবি আল্লাহ মালিক ফিশিং ট্রলারের মালিক নূর মো‏হাম্মদ জানান, গত ২ ডিসেম্বর তার ট্রলারটি ২৮ জেলে নিয়ে কুতুবদিয়া উপকূল থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। পরে ৬ ডিসেম্বর ভারতে ট্রলার আটকের খবর পেয়ে কুতুবদিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। 
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী কুতুবদিয়ার উপকূলের জেলে আটকের কথা নিশ্চিত করেন।