সাশ্রয়ী মূল্যে কাগজ ও চিনি উত্পাদনে সহায়তা দিতে চায় চীন

 
 
 
 
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কাগজ উত্পাদনে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব করেছে চীনা সরকারের হালকা প্রকৌশল সংস্থা চায়না লাইট ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন। পাশাপাশি প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত চিনিকলের উত্পাদন ক্ষমতা বাড়াতেও সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী।
চায়না লাইট ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের (সিএলইটিসি) পাঁচ সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করে। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চীনা প্রতিনিধিদলের সদস্যরা বলেন— চায়না লাইট ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন পৃথিবীর বিভিন্ন দেশে চিনি, কাগজ, চামড়া, দুধ, বেভারেজসহ বিভিন্ন হালকা প্রকৌশল পণ্য উত্পাদনে আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের চিনি ও কাগজ শিল্পের উন্নয়নেও প্রতিষ্ঠানটি সব ধরনের সহায়তা করতে আগ্রহী।
এর আগে আমির হোসেন আমু বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানা নর্থ বেঙ্গল পেপার মিলস, খুলনা নিউজপ্রিন্ট মিলস ও খুলনা হার্ডবোর্ড মিলস লাভজনকভাবে পরিচালনা করতে সরকার আগ্রহী। এ জন্য জ্বালানিদক্ষ ও মূল্যসাশ্রয়ী প্রযুুক্তির পাশাপাশি কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন। বিকল্প উত্স থেকে কাঁচামাল উত্পাদন এবং লাগসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কারখানাগুলো লাভজনকভাবে পরিচালনার প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে। 
বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসএফআইসির চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, প্রতিনিধিদলের সদস্য ওয়েন সিয়ানজিয়ান, জেন ইনিং, লিয়াং কি, চেন হুই, লি ডি প্রমুখ উপস্থিত ছিলেন।