বঙ্গোপসাগরে আবারো ২৫ জেলে অপহরণ

এক সপ্তাহ’র ব্যবধানে আবারো দুবলার শুঁটকি পল্লির ২৫ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। মঙ্গলবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরের ৪ ও ৬ নম্বর বয়া এলাকা থেকে শুঁটকি পল্লির
জেলেরা মাছ আহরণ করে উপকূলে ফেরার পথে সশস্ত্র দস্যু জাহাঙ্গীর, রিয়াদ ও ফরহাদ বাহিনীর সদস্যরা মাছ ধরা ট্রলারে হামলা চালায়। পরে এসব জেলেদের অপহরণ করে নিয়ে যায় তারা। মঙ্গলবার সন্ধ্যায় দুবলারচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল আহমেদ এ খবর নিশ্চিত করেছেন। এর আগে গত ২ ডিসেম্বর ১নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ৪০ জেলেকে অপহরণ করা হয়েছিল।
কামাল আহমেদ জানান, মঙ্গলবার সকালে সমুদ্র থেকে মাছ আহরণ করে জেলেরা দুবলার শুঁটকি পল্লীতে ফিরছিল। এসময় বনদস্যু ফরহাদ-রিয়াদ-জাহাঙ্গীর বাহিনী যৌথভাবে জেলেদের ট্রলারে হামলা চালিয়ে ২৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট, খুলনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আমীর হোসাইন চৌধুরী জানান, অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে। দুবলারচরসহ ১১-টি শুঁটকি পল্লিতে বর্তমানে শুঁটকি আহরণ মৌসুমে ২৫ হাজারেরও বেশি জেলে রয়েছেন। পর পর দুইটি অপহরণের ঘটনার পর এসব জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।