রংপুরের সাবেক এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ তদন্তে নির্দেশ

 
 
 
 
 
রংপুরের একটি থানার সাবেক এসআই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে করা মামলা প্রত্যাহারে চাপ দেয়া হচ্ছে কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়ে এই অভিযোগ তদন্ত করে আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এ ছাড়া, মামলা প্রত্যাহারে চাপ ও ভয়ভীতি প্রদর্শন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রংপুর পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (রংপুর সার্কেল), কাউনিয়া ও পীরগাছা থানার ওসি ও পুলিশের এসআই আবু বকর সিদ্দিককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, ২০১১ সালের নভেম্বর মাসে রংপুরের কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার এক নারীর দায়েরকৃত মামলায় তার সেবানকে গ্রেফতার করেন ওই থানার তত্কালীন এসআই আবুবক্কর সিদ্দিক। যদিও গ্রেফতারকৃত ওই নারী মামলার আসামি ছিলেন না। আটকের পর থানায় নেয়ার পথে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং থানায় নিয়ে যৌন হয়রানি করা হয়। জামিনে বেরিয়ে এসে ওই নারী রংপুরের একটি আদালতে গিয়ে গত ২৪ এপ্রিল অভিযোগ দায়ের করলে আদালত এসআই আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে কর্মরত থাকাকালে গত ২ জুন এসআই আবু বক্কর সিদ্দিক আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়। এরপর ওই নারীর করা মামলা প্রত্যাহারে চাপ দেয়ার অভিযোগ এনে তার ভাই শহিদুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম। মনজিল মোরসেদ বলেন, আদালত আইনগত প্রক্রিয়া ছাড়া বাদীর বাড়িতে প্রবেশ ও তল্লাশি না করতে এবং বাদীর নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে।