শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস বন্ধ

মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় বন্ধ হয়ে গেছে। ফেরি রুটের কাওড়াকান্দি ও মাগুরখন্ড পয়েন্টে ঘন কুয়াশা এতটাই তীব্র যে খুব কাছের বস্তুও দেয়া যাচ্ছে না। তাই মাঝ পদ্মায় প্রায় দুহাজার যাত্রী ও শতাধিক যান নিয়ে আটকা পড়েছে ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, করবী, রায়পুরা, ফরিদপুর, রানীক্ষেত, টাপলু, রানীগঞ্জ, কলমীলতা ও  কাকলী।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি সিনিয়র টার্মিনাল সুপার হাবিবুল ইসলাম জানান, কুয়াশার কারণে কয়েকহাত দূরের বস্তুও দেখা যাচ্ছে না। কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় আটকা পড়া ফেরিগুলো নোঙ্গড় করে রাখা হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হবে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক জানান, শিমুলিয়া প্রান্তে কোন কুয়াশা নেই। তাই এই ঘাট থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত ফেরি ছেড়ে যায়। ফেরিগুলো মাগুরখন্ড এলাকায় গিয়ে কুয়াশার কারণে আর এগুতে পারছে না। গত কয়েকদিন ধরে ভোর রাতে বা সকালে কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলেও সন্ধ্যা রাতে ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকা এটিই প্রথম। এদিকে গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দুপারে যানজট বাড়ছে।
এর আগে সোমবার রাত ১১ টা থেকে মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত পৌনে ১১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।