গতকাল মঙ্গলবার রাত ৮টায় পুলিশ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের হাওর থেকে অজ্ঞাত যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে। থানার এস আই লুৎফুর রহমান জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ঐ এলাকার গোতগাঁও হাওরের মধ্যবর্তী স্থানে একটি টিলার উপর থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের সারা শরীরে ধারাঁলো অস্ত্রের আঘাত ছাড়াও গলার পেছনে জবাই করার চিহ্ন রয়েছে। জিন্সের প্যান্ট, ফুল শার্ট, জ্যাকেট পরিহিত যুবকটির বয়স আনুমানিক ৩০/৩৫। লাশের সুরতহাল রিপোর্ট তৈরিকালে পরনের কাপড় তল্লাশী করে কোন ঠিকানা পাওয়া যায়নি। তবে লাশ পাওয়ার স্থান হতে আধা কিলোমিটার দুরে একটি কালো রঙের ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে কিছু কাপড়-চোপড়, ১০টাকার একটি নোট ও ঢাকা-সিলেট রোডের আল-মোবারাকা গাড়ির একটি টিকেট পাওয়া যায়। টিকেটের উপরে ঢাকা-সিলেট-সুনামগঞ্জ তারিখ ০৮-১২-২০১৪ইং সময় ২টা ৪৫ মিনিট লেখা রয়েছে। লাশের আশ-পাশে তাজা রক্তের চিহৃ থাকায় ধারণা করা হচ্ছে একদিন পূর্বে সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে। পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন জানান, গোতগাঁও এলাকার লোকজন হাওরে যাওয়ার পথে লাশটি দেখতে পেয়ে মোবাইল ফোনে খবর দেয়। হাওরের মধ্যবর্তী নির্জনস্থানে লাশের বিভৎস অবস্থা দেখে ধারণা করা হয় হত্যাকারীরা টান্ডা মাথায় ধারাঁলো অস্ত্র দিয়ে সারা শরীরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। লাশ উদ্ধারের খবরে এলাকার শত শত লোকজন জড়ো হলেও যুবকটির পরিচয় কেউ জানাতে পারেনি।