উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লুদোগোরেটসকে ৪-০ গোল হারিয়ে এই রেকর্ড গড়ে দলটি।
ম্যাচের ১৯তম মিনিটে নিজেদের ডি বক্সে ভারানের হেড থেকে যাওয়া বলে হাত লাগিয়ে লাল কার্ড পান লুদোগোরেটসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলিনচো। অন্যদিকে পেনাল্টি থেকে গোল করার সুযোগকে কাজে লাগিয়েছেন রোনালদো। ম্যাচের ৩৮তম মিনিটে টনি ক্রুসের পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন রিয়াল মাদ্রিদের বেল।
বিরতি থেকে ফিরে কয়েকটি গোলের সুযোগ হারায় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ৭৯তম মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন আরবেলোয়া। আর ম্যাচের ৮৮ মিনিটের মাথায় স্ট্রাইকার হেসের পাস থেকে চতুর্থ গোলটি করেন মেদরান। ফলে চলতি মৌসুমে টানা ১৯টি ম্যাচে জয় লাভ করে নতুন রেকর্ড গড়ল রিয়াল।