লিভারপুলের বিদায়

 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে লিভারপুল। অন্যদিকে দলটির সঙ্গে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বাসেল। মঙ্গলবার লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচ শুরুর ২৫ মিনিটে প্রথম গোলটি করে সুইজারল্যান্ডের জায়ান্ট বাসেল। লুকা জুফির সঙ্গে বল দেয়া নেয়া করে প্রতিপক্ষের জালে আঘাত করেন ফাবিয়ান ফ্রেই। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
ম্যাচের ৬১তম মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান লিভারপুলের ল্যাজার মার্কোভিচ। বাসেলের খেলোয়াড় বেহরাং সাফারির মুখে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। দশজন নিজের ম্যাচের বাকিটা সময় খেলতে হয় লিভারপুলকে।
ম্যাচের ৮১তম মিনিটে গোলের দেখা পায় লিভারপুল। অসাধারণ এক ফ্রি-কিক থেকে প্রতিপক্ষের প্রাচীরের উপর দিয়ে জাল বল জড়ান স্টিভেন জেরার্ড। ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠে গেছে বাসেল। আর ড্র করলেও শেষ রক্ষা হয়নি ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া লিভারপুলের। এখন তাদের খেলতে হবে ইউরোপা লিগ।