অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে দালালসহ তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে দেবহাটার কোমরপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটক যুবকরা হলেন, দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের আব্দুল খালেক (২২), একই উপজেলার সেকেন্দ্রা গ্রামের মিটু মোড়ল (২২), ও খাসপাড়া গ্রামের জালাল গাজী (২২)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল কোমরপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিটু ও জালালসহ দালাল আব্দুল খালেককে আটক করে।
আটক মিটু ও জালাল জানান, ভাল কাজের প্রলোভন দেখিয়ে দালাল আব্দুল খালেক তাদেরকে অবৈধভাবে ভারতে পাঠানোর সময় বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শামসুল কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।