চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ওয়াইদার পাড়া এলাকায় মঙ্গলবার রাত নয়টার দিকে সন্ত্রাসীদের গুলিতে আবদুল মাবুদ (৩৫) নামের এক জামায়াত ক্যাডার গুলিবিদ্ধ হয়েছেন। পরে পুলিশ আহত অবস্থায় তাকে আটক করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ওয়াইদার পাড়ার আবদুর রশিদ’র ছেলে আবদুল মাবুদ বাড়ির পাশের পুকুর পাড়ে বসে বন্ধুদের সাথে গল্প করছিলেন। এ সময় মুখোশ পরিহিত ১৫-২০ জন সন্ত্রাসী জামায়াত ক্যাডার মাবুদকে লক্ষ্য করে গুলি করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবিদ্ধ মাবুদকে আটক করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাবুদকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোজাম্মেল হক জানান, নিজেদের মধ্যে অবৈধ অস্ত্রের লেনদেন নিয়ে মাবুদ গুলিবিদ্ধ হয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, একাধিক মামলার পলাতক আসামি গুলিবিদ্ধ মাবুদকে উদ্ধার ও আটক করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।