ময়মনসিংহের মুক্তাগাছায় হত্যা দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ও পিটিয়ে আব্দুল্লাহ নামে এক হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার উপজেলার চাঁনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- এএসআই শাহিনুর ও এএসআই রেজানুর। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁনপুর গ্রামের বন ও জিআর মামলাসহ একাধিক মামলার তালিকাভুক্ত আসামি বাবলু, হাবলু, আব্দুল্লাহ, শেকবর আলী, হযরত আলী (চেঙ্গু) ও কুদ্দুসকে ধরতে থানার এএসআই শহিনুর ও এএসআই রেজানুর তাদের বাড়িতে যায়। এসময় আসামিরা সংঘবদ্ধ হয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ঐ এলাকায় পুলিশি অভিযান চলছিল। অভিযানে ময়মনসিংহ থেকে অতিরিক্ত পুলিশ যোগ করা হয়েছে।