শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি ১২ ঘণ্টা পর চালু

 
 
শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় সাড়ে ১২ ঘন্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টায় চালু হয়েছে। তবে এই দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দু’পাড়ে পাঁচ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
এই সময় ধরে মাঝ পদ্মায় প্রায় দু’হাজার যাত্রী ও শতাধিক যান নিয়ে আটকা পরা ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, করবী, রায়পুরা, রানীক্ষেত, রানীগঞ্জ, টাপলু, কলমীলতা, লেন্টিং, থোবাল ও কাকলী গন্তব্যে রওনা হয়েছে।  শিমুলিয়া ঘাটে ফেরি কেতকী ও কাওড়াকান্দিতে শাহ পরান এবং রামশ্রী যানবাহন নিয়ে গন্তব্যে রওনা হয়েছে। এই ফেরি রুটের ১৬টি ফেরির মধ্যে বাকী ৩টি অর্থ্যাত্ ছোট ফেরি ফরিদপুর, কর্ণফুলী ও ঢাকা স্ট্যান্ডবাই রয়েছে। প্রথমবারের মত সন্ধ্যা রাতে অর্থ্যাত্ মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ঘন কুয়াশায় দেশের গ্রুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, কয়েক হাতদূরের বস্তুও দেখা যাচ্ছিল না। কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। তবে কুয়াশা কেটে যাওয়ার পর স্বাভাবিকভাবে ফেরি সার্ভিস চালু রয়েছে।