স্বয়ংক্রিয় লেনদেন বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক: ডিএসই

 
 
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেছেন, বৃহস্পতিবার সকালে নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড সফটওয়্যার উদ্বোধন করা হচ্ছে। এর মাধ্যমে ডিএসইর লেনদেন স্বয়ংক্রিয় হবে। বিনিয়োগকারীদের জন্য নতুন এ লেনদেন পদ্ধতি ইতিবাচক হবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের লেনদেনপ্রক্রিয়া সহজ হবে। বুধবার ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় ডিএসইর পরিচালক শাকিল রিজভী, মো. শাহজাহান, খাজা গোলাম রসুল ও শরীফ আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএসইর এমডি ড. স্বপন কুমার বালা বলেন, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্বয়ংক্রিয় লেনদেন চালু করা হচ্ছে। ব্রোকারদের এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাই এটা চালু হলে কোনো সমস্যা হবে না। আগামী এপ্রিল থেকে এই সিস্টেমের আওতায় মোবাইল ফোন ও আইপ্যাডের মাধ্যমে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। এর মধ্যেই মোবাইল ফোন ও আইপ্যাডে লেনদেন উপযোগী সফটওয়্যার সংযোজন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নতুন এ লেনদেন পদ্ধতি বাস্তবায়নের জন্য ৩৫ কোটি টাকা লেগেছে। এ পদ্ধতিতে নির্ধারিত কোনো লট সাইজ থাকবে না। ফলে যে কোনো পরিমাণ শেয়ার লেনদেন করা যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. স্বপন কুমার বালা বলেন, লট সিস্টেম না থাকায় শেয়ার ক্রয়ে হাওলা অনেক বেড়ে যাবে। এ অবস্থায় প্রতিটি লেনদেনের ক্ষেত্রে হাওলা চার্জ কত হবে, তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। প্রথম তিন দিন লেনদেন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত  নেয়া হবে। প্রয়োজনে হাওলা চার্জ উঠিয়ে দেয়া হবে।
ডিএসই জানিয়েছে, নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড ব্যবহারকারীদের (ব্রোকার ও বিনিয়োগকারী) জন্য সহজ এবং নিরাপদ হবে। তবে নতুন ব্যবস্থায় কোনো বিনিয়োগকারী নিজ ব্রোকারেজ হাউসের যেকোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বা শাখা থেকে শেয়ার কেনাবেচা করতে পারবেন না। প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একটি ব্রোকারেজ হাউসের শাখা ও একজন বা একটি গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভ নির্দিষ্ট থাকবে। কোনো বিনিয়োগকারীকে ওই নির্দিষ্ট ব্রোকারেজ হাউস ও নির্দিষ্ট বা গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে শেয়ার কেনা বা বেচার অর্ডার দিতে হবে। এতে এক সঙ্গে অনেক কোম্পানির শেয়ারের লেনদেন ওঠানামা প্রত্যক্ষ করতে পারবেন তারা।