রাজশাহীতে মানবাধিকার মেলায় হাসান আজিজুল হক

‘মানবাধিকার রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে’



প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘আদিবাসীরা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। আদিবাসীদের অধিকার নিয়ে অসংখ্য সভা, সমাবেশ, সেমিনার, মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ হয়। এসব কর্মসূচিতে বিজ্ঞ ব্যক্তিরাও বক্তৃতা করেন। কিন্তু কেউ কথা রাখেন না।’ আন্তর্জাতিক মানিবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে দুইদিন ব্যাপী মানবাধিকার মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একজন নির্যাতিত মানুষ প্রতিবাদ জানাবে। তার পক্ষে আরো মানুষ কথা বলবে। সে কথাগুলো সরকারকে শুনতে হবে, ব্যবস্থা নিতে হবে। আর সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে নির্যাতন জুলুম চলবেই। মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, সে ব্যাপারে রাষ্ট্রকেই প্রথম শক্ত অবস্থান নিয়ে এগিয়ে আসতে হবে।’ বুধবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিনপ্লাজায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

অক্সফ্যাম ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা আয়োজন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল, অক্সফ্যামের অ্যাক্টিং কান্টি ডিরেক্টর এমবি আকতার প্রমূখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাও।