চট্টগ্রাম রেল স্টেশনে মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি প্লাটফর্মে উঠে যাওয়ার ঘটনায় ঐ ট্রেনের দুই চালককে বরখাস্ত করা হয়েছে। পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক ঐ দুই চালকে বরখাস্তের খবর নিশ্চিত করেছেন। বুধবার ভোরে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার ভোর পাঁচটার দিকে ওয়াশশেড থেকে ধোয়ামোছার পর ট্রেনটি যাত্রী নেয়ার জন্য প্লাটফর্মে আসে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি রেললাইন থেকে প্লাটফর্মে উঠে যায়। শেষ পর্যন্ত ট্রেনটি নির্ধারিত স্থান থেকে প্রায় ১০০ মিটার দূরে যাত্রীদের প্রবেশ পথের সামনে গিয়ে থামে। স্টেশন ও ট্রেনে লোকজন না থাকায় এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ট্রেনের চাকার ঘষায় প্লাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইঞ্জিনের ধাক্কায় প্লাটফর্মের প্রবেশ পথও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কারণে মহানগর প্রভাতীর যাত্রা আধা ঘণ্টা বিলম্বিত হয়। ইঞ্জিন বদলে ও লাইনচ্যুত বগিগুলো বাদ দিয়ে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে।
পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক ইত্তেফাককে জানিয়েছেন, এ ঘটনায় মহানগর প্রভাতীর লোকোমাস্টার (চালক) ও সহকারি লোকোমাস্টারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত বিভাগীয় প্রধানদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেবে।
চট্টগ্রাম স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বুধবার ভোর ৫টার দিকে ওয়াশশেড থেকে প্লাটফরমে আসার পর দুর্ঘটনায় পড়ে। চালক ট্রেনটিকে নির্ধারিত স্থানে থামাতে পারেননি। ট্রেনের ইঞ্জিন ও দু‘টি বগি রেললাইন থেকে প্লাটফরমে উঠে যায়। শেষ পর্যন্ত ট্রেনটি যাত্রীদের প্রবেশ পথের কাছে গিয়ে থামে। সে সময় ট্রেন ও প্লাটফরমে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
উল্লেখ্য, গত কিছুদিন আগে চট্টগ্রাম স্টেশনে একটি মালবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে প্লাটফরমে উঠে যাওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্লাটফরমের অংশবিশেষ ভেঙে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।