ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় ট্রাক চাপায় লাল মাহমুদ (৫৫) নামে এক সিএনজি চালক নিহত ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার ভরাডোবা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রেখেছে এলাকাবাসী।
জানা গেছে, সকালে বগুড়া থেকে আসা চাল ভর্তি ট্রাকটিকে সন্দেহ হলে ভরাডোবা পুলিশ ফাঁড়ি ট্রাকটি থামিয়ে তল্লাশির চালায়। এসময় ইঞ্জিন চালু থাকা অবস্থায় ট্রাকের চালক লাফ দিয়ে পালিয়ে যায়। এতে চালক না থাকায় ট্রাকটি সামনে থাকা একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই মাহমুদ নিহত হন। ট্রাকটি ছিটকে পড়ে উল্টে গেলে ভেতরে থাকা পুলিশ সদস্য হযরত আহত হন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় কাঠ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে চার ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।