বান্দরবান আলীকদমে ‘অপহরণ ঘটনার’ ৭ মাস পর বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আটক হওয়া স্কুলছাত্রীকে (১৪) পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে।
বুধবার আলীকদম থানার এসআই আব্দুর রহিম ও এসআই সমির গুহের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ৭ মাস পূর্বে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। এ দিকে, স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মেয়ে অপহরণের মামলা করে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ‘অপহৃতা’কে চট্টগ্রামের একটি গার্মেন্টস থেকে পুলিশ আটক করে। পুলিশ জানিয়েছে— উপজেলা সদরের ছাবের মিয়া পাড়ার নিজ বাড়ি থেকে স্কুলছাত্রী সাবিনা ইয়াসমিন (১৪) চলতি বছরের ৭ মে সকালে নিখোঁজ হয়। তার মা অভিযোগ করেন, ঘটনার তার মেয়ে মামির সাথে চিকিত্সার কথা বলে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তাকে অপহরণকারী চক্রের হাতে তুলে দেয়া হয় বলে তিনি দাবি করেন।
অভিযানে অংশ নেয়া এসআই আব্দুর রহিম বলেন, ‘পুলিশ কথিত অপহরণের ঘটনাটি উদ্ঘাটনে চেষ্টা করে আসছিল। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে পুলিশ চকরিয়ার বাসিন্দা শহিদুল ইসলাম মানিকের নাম জানতে পারে। শহিদুল চট্টগ্রামের মুরাদপুর নর্দান পাবলিক কলেজ অ্যান্ড স্কুলে কম্পিউটার অপারেটর পদে চাকরি করছিলেন। বুধবার সকালে শহিদুলকে আটক করে তার মোবাইল ফোনসেট থেকে ফোন দিয়ে অবস্থান শনাক্ত করার পর চট্টগ্রামের একটি গার্মেন্টস থেকে ওই স্কুলছাত্রীকেও আটক করা হয়।