স্বয়ংক্রিয় শুরুর দিনে ডিএসইতে লেনদেন ৬৭ শতাংশ কম

 
 
 
 
 
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ৬৭ শতাংশ কমেছে। লেনদেন হয়েছে ১৩৬ কোটি টাকার, যা গত সাড়ে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন। ডিএসইতে স্বয়ংক্রিয় লেনদেন উদ্বোধনের দিনে লেনদেনের পরিমাণ কমে যাওয়ায় অনেকে মনে করছেন— নতুন এ পদ্ধতিতে বিনিয়োগকারীরা শঙ্কিত। এ ছাড়া, নতুন এ পদ্ধতিতে বিনিয়োগকারীরা অভ্যস্ত নয়। ফলে তাদের কিছুটা সমস্যা হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন— নতুন লেনদেন পদ্ধতি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক। তাই নতুন লেনদেন পদ্ধতির কারণে বিনিয়োগকারীদের শঙ্কিত হওয়ার কিছুই নেই। কয়েক দিনের মধ্যেই বিনিয়োগকারীরা অভ্যস্তও হয়ে যাবেন। ফলে আর সমস্যা হবে না।
একাধিক ব্রোকারেজ হাউসে কথা বলে জানা গেছে— আগের সফটওয়্যারটিতে শেয়ার লেনদেনের চিত্র স্ক্রলের মাধ্যমে দেখা যেত। কিন্তু নতুন সফটওয়্যারে স্ক্রল নেই। এতে বিনিয়োগকারীদের অসুবিধা হচ্ছে। এ বিষয়ে ডিএসইকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা।
তথ্যে দেখা গেছে— বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৮৯ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২৮৪ কোটি ৭০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৪ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।