পদ্মায় ফেরি সার্ভিস ব্যাহত, জনদুর্ভোগ

 
পদ্মায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত বন্ধ রাখা হয়। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। 
গত চারদিন ধরে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় দুইপাড়ে আটকা পড়েছে সাড়ে সাত শতাধিক যান। মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত পৌনে ১১ ঘণ্টা, বুধবার সকাল ১০টা পর্যন্ত সাড়ে ১২ ঘণ্টা, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে ১৪ ঘণ্টা এবং বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। 
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হচ্ছে। একারণে প্রতিদিনই পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত দুইপারে অপেক্ষমাণ যানের সংখ্যা সাড়ে সাত শতাধিক। দুইটি রো রো ফেরিসহ ১৬টি ফেরি স্বাভাকিভাবে চলাচল করলেও কুলিয়ে উঠতে পারছে না। কারণ শুক্রবার থাকায় যানবাহনের চাপ বেশি। 
এদিকে ফেরিঘাটের এই যানজট এবং দীর্ঘ সময় ধরে আটকা থাকা হাজারো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উৎপাদিত পণ্য বাজারজাতে বিলম্ব হচ্ছে।