যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ৩, সড়ক অবরোধ

 
সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি-আবদুল্লাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। 
নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র আবু হানিফ (২২), চৌগাছার সলুয়া বাজার এলাকার  রুহুল আমিনের ছেলে আনিছুর রহমান (২২) ও একই এলাকার হাবিবুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (৪০)। 
যশোর কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান, চুড়ামনকাটি থেকে একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ট্রাকটি চুড়ামনকটি-আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং সাতজন আহত হন। তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
দুর্ঘটনার পর এলাকাবাসী দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আগুন দিয়েছে। এছাড়া যশোর-চৌগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে যবিপ্রবি’র বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।