শীতার্ত মানুষের পাশে দাঁড়ােনোর আহবান গভর্নরের


বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তথা গোটা আর্থিক খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি সমাজের বিত্তবান ও কর্পোরেট হাউজের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
গভর্নর বলেন, ব্যাংক হিসেবধারী পথ শিশুরা যাতে শীতবস্ত্রের অভাবে কষ্ট না পায় তা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. আতিউর বলেছেন, দেশব্যাপী শীতের প্রকোপ বাড়ছে। ইতোমধ্যে মধ্যে উত্তরাঞ্চলসহ সারাদেশে অসহনীয় শীত পড়েছে। সামনের দিনগুলোতে শৈত্য প্রবাহসহ শীতের প্রকোপ আরো বাড়ার আশংকার বিষয়ে আবহাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে। প্রতিবছর দেশের উত্তরাঞ্চল, চর, হাওড় ও নদী ভাঙন এলাকার হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাওয়ার চিত্র পত্র-পত্রিকায় প্রায়ই দেখা যায়। সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রতি বছরের ন্যায় এবারও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র-কম্বল বিতরণের মাধ্যমে সাহায্যের হাত সম্প্রসারিত করবে এটিই প্রত্যাশিত।