রাজশাহীতে ট্রাক চাপায় অটোচালক নিহত

রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় শুক্রবার দুপুরে বেপরোয়া ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক মোর্শেদ আলী (৪০) ঘটনাস্থলে 
নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রী আফজাল হোসেন (৩৫)ও তার মেয়ে নিমা (৪) আহত হয়। আফজালকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুর পৌণে ১টার দিকে নগরীর শ্যামপুর পদ্মা নদীর ধার থেকে বালুবাহী একটি বেপরোয়া গতির ট্রাক শহরের দিকে আসছিল। অপরদিকে অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে কাটাখালি যাচ্ছিল। চৌদ্দপাই এলাকায় বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা চালক মোর্শেদ আলী ঘটনাস্থলেই নিহত হন। আর অটোরিকশার যাত্রী আফজাল হোসেন ও তার মেয়ে নিমাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।