নরসিংদীর পলাশে গুলিতে পরিবহণ ব্যবসায়ী নিহত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে চাঁদা না দেয়ার কারণে মিলন মিয়া (৪০) নামে এক পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।শুক্রবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । 
নিহতের স্বজনরা জানান, কয়েকদিন আগে ব্যবসায়ী মিলন মিয়া ঘোড়াশাল ফুলদিরটেক এলাকায় তার নিজ বাড়ির নির্মাণ কাজ করতে গেলে এলাকার সন্ত্রাসীরা তার নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। এতে মিলন মিয়া অপারগতা জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে চলে যায়। আজ ভোরে সন্ত্রাসীরা বাড়িতে গিয়ে মিলন মিয়ার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে আনার পথে মারা যান তিনি। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । 
এ ব্যাপারে পালাশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, ইতিমধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ ভাজন ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলানো হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।