হিউজকে আরো একটি সেঞ্চুরি উপহার ওয়ার্নারের

 
সদ্য প্রয়াত ফিলিপ হিউজকে আরো একটি সেঞ্চুরি উপহার দিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এডিলেড টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন ওয়ার্নার। তার সেঞ্চুরির উপর ভর করে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ২৯০ রান তুলেছে অসিরা। এখন তাদের লিড ৩৬৩ রান। খবর বাসস।
এর আগে প্রথম ইনিংসে ভারতকে ৪৪৪ রানে আটকে দেন স্বাগতিক অফ-স্পিনার নাথান লিঁও। ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
৫ উইকেটে ৩৬৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা ৩৩ ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ১ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তবে নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি সদ্য ওয়ানডে ক্রিকেটে বিরল এক রেকর্ডের জন্ম দেয়া রোহিত। ফিরেছেন মাত্র ৪৩ রানে।
রোহিতের পরপরই করণ শর্মার উইকেট হারিয়ে দিনের শুরুতে ব্যাকফুটে চলে যায় ভারত। প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাট হাতে ভালো করা করণ এবার আউট হন ৪ রানে। দিনের শুরুতে দুই উইকেট হারানোর ধাক্কাটা পরবর্তীতে ভালোভাবেই সামাল দেন সাহা ও মোহাম্মদ সামি। তবে দলের স্কোরটাকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি কেউই। সাহা ২৫ ও সামি ৩৪ রানে বিদায় নেন। ফলে ৪৪৪ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। সফরকারীদের এমন স্কোরে আটকে দিতে মুখ্য ভূমিকা রাখেন লিঁও। ১৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট ঝুলিয়ে ভরেছেন তিনি। এই নিয়ে ষষ্ঠবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন লিঁও।
প্রথম ইনিংস থেকে পাওয়া ৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানে ওপেনার ক্রিস রর্জাসকে হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৯ রান করা রজার্স এবার করেন ২১ রান। এরপর শেন ওয়াটসনকে নিয়ে রানের পালা হাওয়া যুগিয়েছেন ওয়ার্নার। শেষপর্যন্ত এই জুটির কাছ থেকে দল পায় ১০২ রান। ৩৩ রান করে ফিরেছেন ওয়াটসন।
ওয়াটসনের বিদায়ে ক্রিজে ওয়ার্নারের সঙ্গী হন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে বেশিক্ষণ ওয়ার্নারকে সঙ্গ দিতে পারেননি তিনি। এই ইনিংসে নামের পাশে ৭ রান রাখতে সমর্থ হন ক্লার্ক।
এরপর স্টিভেন স্মিথকে টেস্ট ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি উদযাপন করেন ওয়ার্নার। তবে উদযাপনের মাঝেও খুঁজেছেন হিউজকে। দু’বার জীবন পেয়ে তিন অঙ্কের কোঠা স্পর্শ করে ব্যাট ও হেলমেট উপরে তুলে নীল আকাশের মাঝে হিউজকে খোঁজার চেষ্টা করেছেন ওয়ার্নার। খুঁজে না পেলেও, প্রথম ইনিংসের মত এবারও হয়তো বললেন, ‘প্রিয় সতীর্থ তোমাকে আরও একটি সেঞ্চুরি উপহার’।
সেঞ্চুরি করার পর পরই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ওয়ার্নারকে। ১১টি চার ও ১টি ছক্কায় ১৬৬ বলে ১০২ রান করেন ওয়ার্নার। আর দিনের শেষভাগে মিচেল মার্শ ৪০ রানে বিদায় নিলেও, ব্রাড হাডিনকে নিয়ে দিন শেষ করেন স্মিথ। হাডিন ১৪ ও স্মিথ ৫২ রানে অপরাজিত আছেন। এই ইনিংসে ভারতের সফল বোলার ছিলেন করণ। ৯৫ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৫১৭/৭ডি., ও ২৯০/৫, ৬৯ ওভার (ওয়ার্নার ১০২, স্মিথ ৫২*, করণ ২/৯৫)।
ভারত : ৪৪৪/১০, ১১৬.৪ ওভার (কোহলি ১১৫, পূজারা ৭৩, লিঁও ৫/১৩৪)।