কালিয়াকৈরে দুর্ঘটনায় নিহত ১, আহত ২

শুক্রবার সন্ধা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক পরিবারের গৃহকর্তা নিহত ও তার দুই শিশু সন্তানসহ স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত নজরুল ইসলাম (৪০) চাঁদপুরের হাইমচর উপজেলার চরবৈরভী গ্রামে আব্দুল খালেক দেওয়ানের ছেলে। তিনি কোনাবাড়ীর অ্যাপেক্স কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি করতেন। স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি কালিয়াকৈরের হারিণহাটি এলাকার ভাড়া বাসায় থাকতেন।
কালিয়াকের থানার এসআই নাসির উদ্দিন বলেন, “বিকালে সফিপুর বাজারে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কেনাকাটা করতে আসেন নজরুল।  কেনাকাটা শেষে সন্ধ্যায় বাসায় ফেরার জন্য স্ত্রী ও সন্তানদের নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিয়াকৈরগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নজরুল মারা যান। এসময় স্ত্রী সাহার বানু ও দুই ছেলে মহিউদ্দিন ও নয়ন আহত হয়।”
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।

সালনা হাইওয়ে থানার ওসি মো. দাউদ বলেন, “আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”