যশোরে সড়ক দুর্ঘটনায় ভার্সিটি ছাত্রসহ নিহত ৫

অবৈধ যান নসিমনের সঙ্গে ট্রাকের পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র আবু হানিফসহ (২২) পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। দুই ঘণ্টার ব্যবধানে প্রায় একইস্থানে দুইটি দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনার পর যবিপ্রবি’র বিক্ষুব্ধ ছাত্ররা দুর্ঘটনা ঘটানো ট্রাকটি আগুনে পুড়িয়ে দেন। এতে বিক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর চড়াও হলে ধাওয়া পাল্টা ধাওয়ায় তিনজন ছাত্র আহত হন। এ সময় দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-চৌগাছা সড়কের কুলতাডাঙ্গায় প্রথম দুর্ঘটনায় যবিপ্রবি ছাত্র আবু হানিফসহ অন্য যারা নিহত হন তারা হলেন, চৌগাছার সলুয়া বাজার এলাকার  রুহুল আমিনের ছেলে নসিমন চালক আনিছুর রহমান (২২), একই এলাকার হাবিবুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (৪০) এবং চৌগাছার ফুলসরা এলাকার খিদির আলীর ছেলে খাইরুল ইসলাম (৪৮)। এই দুর্ঘটনার পর বেলা একটার দিকে প্রায় একই এলাকা চুড়ামনকাটি বাজারে ট্রাকের ধাক্কায় নিহত হন  নসিমন চালক আমজাদ আলী (৫৫)। এই দুর্ঘটনায় আহত হন চৌগাছার দুর্গাপুর গ্রামের জাহাতাপের স্ত্রী খাদিজা বেগম, তার মেয়ে বৃষ্টি খাতুন, একই এলাকার তাহাজ্জেলের স্ত্রী স্বপ্না, তার মেয়ে রত্না, সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের আবু সাইদের ছেলে জাহিদ হাসান, শিবনাথপুরের বিজয় বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস, অজ্ঞাত (১৫) এবং খুলনার খালিশপুরের তাহাজ্জত আলীর মেয়ে যবিপ্রবির ছাত্রী শারমিন সুলতানা বিথী (২২)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত যবিপ্রবি’র ছাত্রী শারমীন সুলতানা বিথীর অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিল।
কৃতী ক্রীড়াবিদ হানিফ একমাত্র সন্তান : টাঙ্গাইলের মীর্জাপুরের কুবারহাটের রফিকুল ইসলাম দম্পতির একমাত্র সন্তান আবু হানিফ (২২) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার সহপাঠী বাদল হাসান টুটুল ইত্তেফাককে বলেন, তারা দু’জন ২০০৫ সালে সাভারের বিকেএসপিতে একইসঙ্গে ভর্তি হন। এবছর জাতীয় অ্যাথলেটিক্সের ১১০ মিটার হার্ডলসে তিনি স্বর্ণপদক লাভ করেন। ১০ ডিসেম্বর তাদের পরীক্ষা শেষ হয়। বিশ্ববিদ্যালয় থেকে তার বাবাকে দুর্ঘটনার খবর জানানোর পর তার বাবা ময়না তদন্ত ছাড়াই ছেলের লাশ বাড়িতে পাঠিয়ে দিতে বলেন। ময়না তদন্ত ছাড়া তার লাশ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজার পর কর্তৃপক্ষের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. আব্দুস সাত্তার ইত্তেফাককে বলেন, যশোর শহরে ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়ার সুবিধার জন্য আমরা কয়েকবার যশোর-চৌগাছা রুটে পাবলিক বাস চালু করার উদ্যোগ নেই। কিন্তু পরিবহন শ্রমিকদের বাধার কারণে তা সম্ভব হয়নি। এজন্য এমন এক মূল্যবান প্রাণ অকালে ঝরে গেল।
রাজশাহীতে ট্রাক চাপায় অটোচালক নিহত
রাজশাহী অফিস জানায়, রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় গতকাল শুক্রবার দুপুরে বেপরোয়া ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক মোর্শেদ আলী (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রী আফজাল হোসেন ও তার মেয়ে নিমা আহত হয়েছেন। রাজশাহীর বাঘা উপজেলার গোকুলপুরের এরশাদ আলীর ছেলে আফজালকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার মোটর সাইকেল দুর্ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোলশুরাদড়িপাড়া গ্রামের মজনু মোল্লার ছেলে মেধাবী ছাত্র খায়রুল (১৭) মারা গেছেন।