ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি

শুক্রবার কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নবগঠিত কমিটির সমর্থক ও আগের কমিটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি ইমরান ফারুখ ও তারেকুল ইসলামের নেতৃত্বাধীন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। নতুন কমিটিতে কামরুল হাসান ওরফে রোমানকে সভাপতি ও সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে কামরুল হাসান ও সাদ্দাম হোসেনের পক্ষের লোকজন মিছিল বের করলে ইমরান ফারুখ ও তারেকুল ইসলামের লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ-ছয়টি গুলির শব্দ শোনা যায়। পরে সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।