৫ ঘণ্টা পর পদ্মায় ফেরি পারাপার শুরু

 
পদ্মায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল সাড়ে আটটায় চালু হয়েছে। তবে এখনও দুইপাড়ে ছয় শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
মাঝ পদ্মায় সহস্রাধিক যাত্রী ও বেশ কিছু যান নিয়ে আটকে থাকা ফেরি কলমীলতা, করবী, রামশ্রী, রায়পুরা, থোবাল, লেন্টিং ও রানীগঞ্জ গন্তব্যে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। মাঝ পদ্মায় আটকে পরা ফেরিগুলো নোঙ্গর করে রাখা হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হয়েছে এবং দু’ পাড় থেকেই ফেরি সার্ভিস স্বাভাবিক হয়েছে। এই বহরে থাকা ১৬টি ফেরি দিয়েই যানবাহনগুলো পারাপারে চেষ্টা চলছে।