বাস চাপায় ঈশ্বরগঞ্জের ছাত্র সমাজের আহ্বায়ক নিহত

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাঁও রামগোপাল এলাকায় বাসের নিচে চাপা পড়ে মো. ইফতেখারুল আলম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আতিকুর রহমান (২৫) নামে আরেক আরোহী। শনিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। ইফতেখারুল ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক ও পৌরসভার চরনিখলা এলাকার মো. রহুল আমীন খানের ছেলে। আহত আতিকুরকে ময়মনসিংহ মেডি্ক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি জয়পুর গ্রামের জাহের উদ্দিনের ছেলে।
এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিলে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা জানায়, ওই দুই ব্যক্তি মোটরসাইকেল চেপে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। গাঁও রামগোপাল এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহীরা মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই মারা যান ইফতখারুল আলম এবং আতিকুর গুরুতর আহত হন। তিনি ময়মনসিংহ মেডি্ক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।  
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মৃতদেহ থানায় রাখা হয়েছে।’