রাজধানীর বাজারগুলোয় সব ধরনের চালের দাম বেড়েছে। আগের আসা পেঁয়াজ বাজারে শেষ হয়ে যাওয়ায় এখন দেশি পেঁয়াজের দামও বেড়েছে। রসুনের বাজারও চড়া। ডাল, চিনি, আদা ও ভোজ্য তেলের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে বাজারের এসব চিত্র দেখা গেল।
বাজার ঘুরে জানা গেছে, শীত ও ভারতীয় চালের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। সপ্তাহের শুরুতে কেজিতে ১ টাকা বেড়ে মানভেদে মিনিকেট ৪৪ থেকে ৪৬ টাকা, জিরাশাইল ৪১ থেকে ৪২, ব্রি-২৮ ৩৯ থেকে ৪০, গুটিস্বর্ণা ৩০ থেকে ৩২, পাইজাম ৩৫ থেকে ৩৬, পারিজা ৩৪, নাজিরশাইল ৪৫ থেকে ৪৬, কাটারিভোগ ৬৫ থেকে ৭০, বাসমতি ৬৪ থেকে ৬৫, পোলাও ৬০ থেকে ৬৬ ও চিনিগুড়া বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা হয়েছে।
এদিকে, কয়েকদিন আগে বোতলজাত সয়াবিন তেলের দাম এক দফা কমার পরেও এ সপ্তাহে কেজিতে ৩ টাকা বেড়েছে খোলা সয়াবিনের দাম। তবে কমেছে সব ব্রান্ডের বোতলজাত সয়াবিনের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০২ টাকা লিটার দরে।
তবে দাম কমেছে মুগ, মসুরসহ সব ধরনের ডাল ও চিনির।
ব্যবসায়ীরা বলেন, গত সপ্তাহের তুলনায় চিনি ও ডালের দাম কমতির দিকে।
অন্যদিকে, আমদানি কমে যাওয়ায় রসুন ও ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে। কমেছে আলুসহ সব ধরনের সবজির দাম। তবে বাড়তি দরে স্থির রয়েছে আদার বাজার।