পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলসের রাইট ইস্যু সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়েছে। কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার কেনা-বেচা ও হস্তান্তরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপিত নিষেধাজ্ঞাকে বাতিল ঘোষণা করে এ সংক্রান্ত আদেশ দিয়েছে আদালত। ফলে কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে এখন থেকে আর কোনো বাধা নেই। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বিএসইসির।
এ দিকে রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করার অভিযোগে আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিএসইসি। একই সঙ্গে কমিশনে দাখিল করা রাইট শেয়ার সংক্রান্ত কাগজপত্রে জালিয়াতির দায়ে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানি সূত্রে জানা গেছে, এ মামলার কারণে ২০১১ সালের পর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি। এ সময়ে কোনো লভ্যাংশও ঘোষণা করেনি কোম্পানিটি।