রংপুরের মিঠাপুকুরে চালককে মারপিট করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ভাংনী ইউনিয়নের ভূমি অফিস সহায়ক রবিউল ইসলাম গতকাল শনিবার রাতে বৈরাগীগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ী খুর্দ্দ নারায়নপুর গ্রামে যাচ্ছিলেন। রংপুর-বগুড়া মহাসড়কের পায়রাবন্দের লহনি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছানো মাত্র একদল ছিনতাইকারী গতিরোধ করে তাকে মারপিট করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পুলিশ খবর পেয়ে জয়রামপুরের ফারুক ও রংপুর সদর তামপাট ইউনিয়নের রুবেলকে ছিনতাইকারী সন্দেহে আটক করে। এ ঘটনায় রবিউল বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেছে।