বাংলাদেশে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্পে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা এবং চট্টগ্রামের পতেঙ্গায় সরকার অত্যাধুনিক জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উদ্যোক্তারা এক্ষেত্রে যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ আহবান জানান। শিল্প মন্ত্রণালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউর রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহিত সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা করে বলেন, তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশ ইতিমধ্যে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। তিনি তৈরি পোশাক শিল্পের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য শিল্পখাত বৈচিত্র্যকরণের পরামর্শ দেন। অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশ জাহাজ নির্মাণ, ওষুধ, আইটি ও চামড়াশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে পারে বলে অভিমত দেন।
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের শিল্পখাতে দক্ষ জনশক্তি তৈরিতে ইউরোপিয়ান ইউনিয়ন সাত বছর মেয়াদি একটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবে। এর আওতায় শিক্ষা, পুষ্টি, খাদ্য নিরাপত্তা, শিল্পদক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা অব্যাহত রেখে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে তিনি আশা প্রকাশ করেন। এ ক্ষেত্রে তিনি জিএসপি প্লাস ব্যবস্থার আওতায় ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে এখন থেকেই উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।