লক্ষ্মীপুরে অপহরণকারী চক্রের চার সদস্য আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প। আটককৃতরা হলেন মো. শরীফুল ইসলাম, মো. সেলিম, পলি আক্তার ও পপি। সোমবার জেলা স্টেডিয়াম সংলগ্ন র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র্যাব। এর আগে শহরের দক্ষিণ তেমুহনী থেকে তাদের আটক করা হয়। এ সময় আমিনুল ইসলাম নামে অপহূত এক কৃষি কর্মকর্তাকে উদ্ধার করা হয়। জব্ধ করা হয় অপহরণকারীদের ব্যবহূত ৫টি মোবাইল ও নগদ ৬০ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি বিভিন্ন লোকজনকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। রবিবার বিকালে নোয়াখালী সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করে।