রাবিতে ৩ শহীদ অধ্যাপকের প্রতিকৃতিতে ভিসি প্রো-ভিসির পুষ্পস্তবক অর্পণ

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার রাজশাহী জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী কর্মসূচি পালন করে। ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল সাড়ে ৭টায় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহানসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁরা শহীদদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করেন। পরে রাবির তিনজন শহীদ অধ্যাপক হবিবুর রহমান, মীর আব্দুল কাইয়ূম ও সুখ রঞ্জন সমাদ্দারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ও উপ-উপাচার্য। এছাড়া শহীদ স্মৃতি সংগ্রহশালা, বিভিন্ন হল প্রশাসন, শিক্ষক সমিতিসহ পেশাজীবী সমিতি ও সংগঠন প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত শহীদ স্মৃতি সংগ্রহশালা দর্শকদের জন্য খোলা ছিল।