বাংলাদেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে গতকাল রবিবার দিনাজপুরের ফুলবাড়িতে তেল গ্যাস জাতীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আন্দোলনকারী নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট জনগণের প্রতিরোধের মুখে এশিয়া এনার্জি ফুলবাড়ি থেকে বিতাড়িত হয়। এজন্য ৩ জন যুবক জীবন দিয়েছে। কিন্তু গত ২৫ নভেম্বর এশিয়া এনার্জির বাংলাদেশ প্রধান গ্যারি এন লাই তার স্ত্রী নানা লাইকে নিয়ে গোপনে ফুলবাড়িতে এসে পরদিন তাদের সুবিধাভোগীদের নিয়ে সভা করেছেন। এ সংবাদে বিক্ষুদ্ধ জনতা এশিয়া এনার্জির অফিসে গ্যারি এন লাইকে অবরুদ্ধ করে ভাংচুর চালায়। এ ঘটনায় এশিয়া এনার্জির পক্ষ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান পৌর মেয়রসহ ১০ নেতার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মিথ্যা মামলা প্রতাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার মাধ্যমে ফুলবাড়িকে অচল করে দেয়া হবে।