সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ডিএসইতে স্বয়ংক্রিয় লেনদেন উদ্বোধনের তিনদিনে লেনদেনের পরিমাণ ধীরে ধীরে বেড়ে সোমবার ২৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন লেনদেন পদ্ধতিতে বিনিয়োগকারীরা অভ্যস্ত নয়। কিছু কিছু সমস্যাও হচ্ছে। ধীরে ধীরে এগুলো সমাধান করা হলেই বিনিয়োগকারীরা পুরোপুরি লেনদেনে ফিরবেন। তখন বাজারে লেনদেনও বাড়বে।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ১৫ হাজার ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনকৃত ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের।
এদিকে উভয় স্টক এক্সচেঞ্জের সূত্রে জানা গেছে, মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে দেশের শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আগামী বুধবার থেকে যথারীতি উভয় শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ মিলেনিয়াম ইনফর্মেশনের ৫১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মিলেনিয়াম ইনফর্মেশনের ৯৩ লাখ ৬৯ হাজার ৩৪৩টি শেয়ার কেনা হবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ১৬.০১ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার কিনতে আল-আরাফাহ ব্যাংকের ১৫ কোটি টাকা খরচ হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর সিদ্ধান্ত কার্যকর করা হবে।