উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় পূর্ব শক্রতার জেরে রবিবার গভীর রাতে প্রতিপক্ষরা বসতবাড়িতে মলমূত্র নিক্ষেপ করেছে। পরে বাইরে থেকে দরজা আটকিয়ে শতাধিক সুপারী গাছ ও পানের বরজ কেটে তছনছ করে। এসময় দরজা ভেঙে বাধা দিতে গেলে প্রতিপক্ষদের এলোপাতাড়ি মারধরে মনোয়ারা বেগম ও আনোয়ারা বেগম গুরুতর আহত হয়। তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাগলিরবিল গ্রামে। এঘটনায় ক্ষতিগ্রস্ত আলী আকবর বাদী হয়ে সোমবার সকালে অভিযুক্ত মৃত আব্দুর রহমানের ছেলে নুরুল হক, মৃত ছৈয়দুর রহমানের ছেলে জসিম উদ্দিন, আকতার মিয়া ও ফজল করিমসহ চারজনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভাইয়ের নির্যাতনে বোনের মৃত্যু
উখিয়ায় স্বর্ণচুরির ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সত্ ভাই আব্দুস ছালামের নির্যাতনে মারা যান বোন আলমাছ খাতুন। রবিবার রাত ১১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাগলিরবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমাছ খাতুন টিএন্ডটি গুচ্ছ গ্রামের মৃত নুরুল আলমের স্ত্রী। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, সকালে পুলিশ আলমাছ খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।