সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, গত নির্বাচনে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। এর আগে আমি সবসময় ব্যারিস্টার মওদুদ সাহেবের সাথে নির্বাচন করেছি, তাতে খুব ভালো লাগতো। তিনি বলেন, বিএনপি অনেক হুমকি-ধামকি দিচ্ছে। হাঁক-ডাক ছয় বছরে অনেকবার শুনেছি। সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবে, বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে। কিন্তু বিএনপি বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। তারা নিজেরাও চরম সংকটে আছে। বেগম খালেদা জিয়া কি করবেন? তার নামে মামলা। আর একজন লন্ডনে আছেন তার নামেও মামলা। কর্মীরা হতাশায় ভুগছে। বুঝতে হবে মরাগাঙ্গে জোয়ার আসে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইতিহাস নিয়ে নানান কথা বলছে।
মন্ত্রী আরো বলেন, মির্জা ফখরুল বলেছেন, একাত্তরের চেয়েও খুন গুম বেশি হচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তত্কালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। আইভি রহমান সে ঘটনায় নিহত হন। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে। আহসান উল্যাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের আমলে বিএনপি’র একজন নেতাকর্মীকেও হত্যা করা হয়নি। তারা জজ মিয়া নাটক সাজিয়েছে। গণআন্দোলন বার বার দিয়েও তারা ব্যর্থ হয়। শেখ হাসিনা সরকার বিএনপির আন্দোলন নিয়ে চিন্তিত নয়। আন্দোলন করার সাহস তাদের নেই। বিএনপির আমলের চেয়ে বর্তমান সময় দেশের মানুষ খুব ভালোই কাটাচ্ছে।