‌‌ফুটবলকে বিদায় বললেন থিয়েরি অঁরি

ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি। আগামী বছরের প্রথম দিন থেকে স্কাই স্পোর্টসের ফুটবল পণ্ডিত হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আর্সেনালের সাবেক এই তারকা। মঙ্গলবার ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
৩৭ বছর বয়সী অঁরি ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচ খেলে ৫১টি গোল করেন। দেশের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। ক্লাব ফুটবলে মোনাকো, আর্সেনাল, বার্সেলোনা ও নিউ ইয়র্ক রেড বুলসের হয়েও শিরোপা জেতেন তিনি।
অঁরি বলেন, দারুণ এক যাত্রা ছিল এটি। আমার খেলার সময়টায় মোনাকো, ইউভেন্তুস, আর্সেনাল, বার্সেলোনা, নিউ ইয়র্ক রেড বুলস এবং অবশ্যই ফ্রান্স জাতীয় দলের সঙ্গে সম্পর্কিত সবাইকে, সতীর্থ ও ভক্তদের আমি ধন্যবাদ জানাই।