প্রীতি ক্রিকেট ম্যাচ: শহীদ জুয়েল একাদশের জয়

বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচে শহীদ মুশতাক একাদশকে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ।
মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রীতি ম্যাচ। সাবেক ক্রিকেটাররা এ খেলা অংশ নেন।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
২০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শহীদ জুয়েল একাদশ ৭ উইকেটে ১৩২ রান করে।
সর্বোচ্চ ৫২ রান করেন ম্যাচ সেরা হাবিবুল বাশার। তার সঙ্গে ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়েন জাভেদ ওমর বেলিম। তিনি ২৪ রান সংগ্রহ করেন।
এছাড়া আকরাম খান করেন ১৬ রান। চতুর্থ সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে। শহীদ মুশতাক একাদশের নাঈমুর রহমান ও সাইফুল্লাহ জেম তিনটি করে উইকেট নেন।
জবাবে ১৬ ওভার ৫ বলে ৮৩ রানে অলআউট হয়ে যায় শহীদ মুশতাক একাদশ।
সর্বোচ্চ ৩৫ রান বরেন সাজ্জাদ আহমেদ শিপন। তিনি ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল এহসানুল হক (১০)।