কুমিল্লা জেলার হোমনা উপজেলা বাজারে প্রকাশ্য দিবালোকে এক নারীর হাত ব্যাগ ছিনতাই হয়েছে। বুধবার দুপুর সাড়ে বারোটায় বাজারের গালর্স স্কুল রোডে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া নারী রিতা আক্তার জানান, তিনি তার অসুস্থ শিশু সন্তানের চিকিৎসার জন্য মেঘনা উপজেলার পাড়ারবন্দ গ্রাম থেকে হোমনায় আসেন। সিএনজি থেকে নেমে হেঁটে হোমনা হাসপাতালে যাওয়ার পথে গার্লস স্কুল রোডে ১৫-১৬ বছরের একজন তরুণ তার হাত থেকে টান দিয়ে হাত ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় তিনি চোর চোর বলে চিৎকার করে ওই ছিনতাইকারীর পিছন পিছন দৌঁড়ালেও কেউ এগিয়ে আসেনি।
ব্যাগে নগদ সাড়ে চার হাজার টাকা ও মোবাইল সেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে রিতা আক্তার দাবি করেন।
প্রত্যক্ষদর্শী দোকানী মো. হালিম, কলা বেপারী মবিন ও বৃদ্ধা সীতা সাহা জানান, রিতার হাত থেকে ব্যাগটি টেনে নিয়ে সাহা বাড়ির ভিতর দিয়ে ওই ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, প্রায়ই হোমনা বাজারের বিভিন্ন মার্কেটে নারীদের হাত ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসনের এতে কোন নজর নেই।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, ‘এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’