নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সতরশ্রী নামক স্থানে বুধবার বাসের ধাক্কায় টেম্পু উল্টে এক যাত্রী নিহত ও ১২ যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, মোহনগঞ্জ থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী একটি বাস সকাল ১১টার দিকে সতরশ্রী নামক স্থানে নেত্রকোনামুখি একটি টেম্পুকে অতিক্রমকালে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই টেম্পুযাত্রী মো. সাহিদ মিয়া নিহত এবং ১২ যাত্রী আহত হন। নিহত সাহিদ মিয়া এবং আহতদের বাড়ী বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ঘুমুরিয়া গ্রামে। তারা একটি মামলায় হাজিরা দিতে নেত্রকোনায় আসছিলেন। গুরুতর আহত সেলিম(২৯), স্বপন(২৮), আব্দুল বারেক(৩২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।