অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষে অসুস্থ হয়ে ওসির মৃত্যু

সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে  অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে ওসমানী নগর থানার ওসি মোস্তাফিজুর রহমান(৪৫)  অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয় । সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান কর্তব্যরত চিকিত্সকদের বরাত দিয়ে জানান- ওসি মোস্তাফিজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের কর্মকর্তারা জানান, নতুন স্ট্যান্ডের দাবিতে বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারের শ্রমিকরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন। বেলা ১ টার  শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করলে ওসি মোস্তাফিজ পুলিশ নিয়ে সেখানে যান। একপর্যায়ে ওসি মোস্তাফিজ ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান- অসুস্থ অবস্থায় ওসি মোস্তাফিজুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিত্সাধীন অবস্থায় বিকেল তিনি মারা যান। ওসি মোস্তাফিজুর রহমানের বাড়ী কুমিল্লা সদরে। রাতেই তার প্রথম জানাযা ওসমানী নগরে  এবং দ্বিতীয় জানাযা সিলেটে পুলিশ লাইনে অনুষ্টিত হবে।