কুমিল্লায় বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

 
 
 
কুমিল্লা মহানগরীর বিষ্ণুপুরে বিদ্যুত্স্পৃষ্টে রবিন (২২) নামের এক রংশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরেকজন শ্রমিক। বুধবার বেলা ২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত শ্রমিক রবিন নগরীর কাপ্তানবাজার এলাকার আবু তাহেরের ছেলে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরের পর বিষ্ণুপুরের প্রবাসী আবুল খায়েরের বাসার তৃতীয় তলার পাশে ঝুলন্ত মই দিয়ে রংয়ের কাজ করছিলেন রবিনসহ আরো এক শ্রমিক। কাজ করার সময় মইটির পাশের বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রবিন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় নিহত শ্রমিকের স্বজনরা আবুল খায়েরের বাড়িতে গিয়ে ভাংচুর চালায়। ওই পরিবারের এক সদস্যকে মারধরও করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।