জাবিতে ছাত্রদলের তিন কর্মীকে ফের পেটালো ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রদলের তিনকর্মীকে পিটিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী শামিম ওসমান গনি মোল্লার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা একই হলের ছাত্রদলকর্মী ও ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ এবং সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজহার আমিন তমাল ও জান্নাতুল আশিক খান সূর্যকে লোহার পাইপ দিয়ে বেধড়ক মারধর করে।
এদিকে আরিফুল ইসলামকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। আহতরা সবাই জাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লুাহ শুভ গ্রুপের কর্মী বলে জানা গেছে।

গত ৮ ডিসেম্বর শাখা ছাত্রদলের দুই কর্মীকে পেটায় বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।