সিংড়ায় শ্রমিক লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা



নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শ্রমিক লীগের সভাপতি ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাতাল অবস্থায় হাসপাতালে প্রবেশ করে পেসার পরিমাপের জন্য কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ সময় সিংড়া পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ খবর পেয়ে জাহাঙ্গীরের ছেলে রাকিবের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। আতঙ্ক ছড়িয়ে পড়লে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থানা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সে, পরিবারের কোন সদস্যের দ্বারা ভবিষ্যতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হলে সে দায়ী বা আইনানুগ যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিবে এই মুচলেকা ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে জাহাঙ্গীরকে ছেড়ে দেয়া হয়।