কুমিল্লার আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন

কুমিল্লার আদালতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোতয়ালী মডেল থানা পুলিশ এ প্রতিবেদন দাখিল করে। 
আদালত সূত্রে জানা গেছে, হজ, তাবলিগ নিয়ে কটুক্তি ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর সাংবাদিক শাহীন মীর্জা বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত কোতয়ালী মডেল থানা পুলিশকে নির্দেশ দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. সামসুজ্জামান বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল আদালতে প্রেরণ করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. ইউসুফ আলী, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. হারুন অর রশিদসহ অন্যান্য আইনজীবীরা।